বিদেশে বাংলাদেশের ৮৪টি মিশনে দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পড়াশোনার জন্য শিক্ষাভাতার নতুন সীমা নির্ধারণ করেছে সরকার।
করেছে সরকার। নতুন সিদ্ধান্তে মিশনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে সর্বনিম্ন ২০ হাজার ৫০০ ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার ডলার পর্যন্ত ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখা থেকে গত ১৯ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব র. হ. ম. আলাওল কবির এতে স্বাক্ষর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ এপ্রিলের চিঠির ভিত্তিতে শিক্ষাভাতার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রুপ ‘ক’-এর ১৫টি মিশনে শিক্ষাভাতার পরিমাণ সবচেয়ে বেশি। এসব মিশনে এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার দেওয়া যাবে। বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ এই ভাতার পরিমাণ ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা।
গ্রুপ ‘ক’-এর আওতায় রয়েছে বেইজিং, সিউল, টোকিও, হংকং, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর বাংলাদেশ মিশন।
গ্রুপ ‘খ’-তে থাকা ৪১টি মিশনের ক্ষেত্রে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে একই হারে ভাতা নির্ধারণ করা হয়েছে। এ শ্রেণিতে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার পাওয়া যাবে। এ তালিকায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের বাংলাদেশ মিশন রয়েছে।
গ্রুপ ‘গ’-এর ১৯টি মিশনে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। এই শ্রেণিতে সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনাই, মালদ্বীপ, বাহরাইন, মিসর, ইরান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, ডেনমার্ক ও পর্তুগালসহ কয়েকটি দেশের মিশন অন্তর্ভুক্ত।
অন্যদিকে গ্রুপ ‘ঘ’-এর নয়টি মিশনে ভাতার সীমা তুলনামূলক কম রাখা হয়েছে। এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য ২০ হাজার ৫০০ ডলার এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজনের জন্য ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এ শ্রেণিতে কুনমিং, কলম্বো, কলকাতা, গৌহাটি, আগরতলা, তাসখন্দ, মাস্কাট, রাবাত ও পোর্ট লুইসের বাংলাদেশ মিশন রয়েছে।
ভাতা পাওয়ার ক্ষেত্রে যেসব শর্ত
প্রজ্ঞাপনে শিক্ষাভাতা ব্যবহারে কয়েকটি নিয়মও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সন্তানের শিক্ষার প্রকৃত ব্যয়ের ১৫ শতাংশ বহন করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে। অবশিষ্ট ৮৫ শতাংশ সরকার নির্ধারিত সীমার মধ্যে পরিশোধ করবে। তবে কোনো অবস্থাতেই অনুমোদিত সীমার বেশি অর্থ দেওয়া হবে না।
একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা কার্যকর থাকবে। ফলে দুইয়ের বেশি সন্তান থাকলেও একসঙ্গে দুজনের বেশি সন্তানের জন্য শিক্ষাভাতা পাওয়া যাবে না।
অর্থ পরিশোধের ক্ষেত্রেও নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। শিক্ষাভাতার টাকা কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে দেওয়া যাবে না। ব্যাংকিং চ্যানেল বা ডিজিটাল লেনদেনের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাবে অর্থ পাঠাতে হবে।
তবে কোনো প্রতিষ্ঠানে সম্পূর্ণ ফি একবারে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং নিজস্ব ১৫ শতাংশ অর্থ নির্ধারিত হিসাবে জমা দেওয়ার শর্তে মিশন কর্তৃপক্ষ পুরো ফি পরিশোধ করতে পারবে।
এ ছাড়া যেসব দেশে ইংরেজি মাধ্যমে মাধ্যমিক বা উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ নেই, সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের অন্য কোনো ইংরেজিভাষী দেশে পড়ানোর ব্যবস্থা করলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের অনুমোদিত ভাতার সীমাই কার্যকর হবে।
এফ/ডি