আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, আগ্রহী নারী ও পুরুষদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় আগামী চার বছর দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে চার বছরে ২৫ হাজারের অধিক নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, এসএমই খাতের বিদ্যমান বাধাগুলো দূর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ ছাড়া এসএমই খাতের আধুনিকায়নে একটি ‘ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার’ গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে সিঙ্গাপুর ও লন্ডনে অনুষ্ঠিতব্য মেলায় অংশগ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
এইচ/এম