[email protected] রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি মানবিক সহায়তা পেতে লাগবে ১২ শর্তের অন্তত ৪টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি

দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসচ্ছল ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারি মানবিক সহায়তা প্রদানের নিয়মে পরিবর্তন এনেছে সরকার।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ১২টি মানদণ্ডের মধ্যে অন্তত চারটি পূরণ করলেই একটি পরিবার সহায়তা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি খাদ্য, নগদ অর্থ, শীতবস্ত্র, শিশুখাদ্য, পশুখাদ্য এবং ঘর নির্মাণের উপকরণ দেওয়ার পরিমাণও নির্ধারণ করা হয়েছে

 

সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের ডিজিটাল তথ্যভান্ডার তৈরি এবং স্থানীয় পর্যায় থেকে জেলা পর্যন্ত তালিকা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তালিকা বা সহায়তা নিয়ে কোনো অভিযোগ উঠলে সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

 

এসব বিধান যুক্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ প্রকাশ করেছে। ২০১২-১৩ সালের পুরোনো নির্দেশিকা সংশোধন করে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। গত ১২ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয় এবং ১০ নভেম্বর নির্দেশিকাটি গেজেট আকারে প্রকাশিত হয়।

 

যেসব ব্যক্তি ও পরিবার সহায়তা পাবেন

নতুন নীতিমালায় সাধারণ সময়ের দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, খাদ্যসংকটে থাকা জনগোষ্ঠী এবং অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তার আওতায় রাখা হয়েছে।

 

এ ছাড়া ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত পরিবারও এ সুবিধা পাবেন। প্রয়োজন বিবেচনায় সরকার অন্য ব্যক্তি বা জনগোষ্ঠীকেও কর্মসূচির অন্তর্ভুক্ত করতে পারবে।

 

১২টি মানদণ্ডের মধ্যে চারটি পূরণ করতে হবে

দুস্থ ও অতিদরিদ্র পরিবার চিহ্নিত করার জন্য ১২টি শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত চারটি শর্ত পূরণ করতে হবে।

 

শর্তগুলো হলো—

১. বসতভিটা ছাড়া পরিবারের অন্য কোনো কৃষিজমি না থাকা।

২. পরিবারের আয় মূলত দিনমজুরির ওপর নির্ভরশীল হওয়া।

৩. পরিবারের প্রধান নারী শ্রমিক হওয়া অথবা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল থাকা।

৪. পরিবারে উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ সদস্য না থাকা।

৫. আর্থিক সংকটের কারণে স্কুলপড়ুয়া শিশুকে উপার্জনের কাজে পাঠাতে বাধ্য হওয়া।

৬. স্থায়ী আয়ের উৎস বা উপার্জনক্ষম সম্পদ না থাকা।

৭. স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্ত অসচ্ছল নারীর পরিবার হওয়া।

৮. অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা কিংবা তার পরিবারের সদস্য হওয়া।

৯. পরিবারের কোনো সদস্য প্রতিবন্ধী হওয়া।

১০. অন্য কোনো নিয়মিত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা না পাওয়া।

১১. প্রাকৃতিক দুর্যোগের কারণে চরম খাদ্য বা আর্থিক সংকটে পড়া।

১২. বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার জোগাড় করতে না পারা।

 

ভিজিএফ কর্মসূচিতে সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম

নতুন নির্দেশিকা অনুযায়ী, ভিজিএফ কর্মসূচিতে একটি পরিবার সর্বোচ্চ ৩০ কেজি চাল অথবা গম পেতে পারে। খাদ্য কেনার সামর্থ্য নেই এমন দরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ এবং মৌসুমি কর্মসংস্থান সংকটে থাকা জনগোষ্ঠী এ সুবিধার আওতায় আসবে।

 

কোনো নতুন মহামারির কারণে বিভিন্ন পেশার মানুষ সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়লে পরিবারপ্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি চাল বা গম দেওয়া যাবে। বিকল্প হিসেবে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা নগদ সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

 

অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ৫০ গ্রাম সয়া প্রোটিন, ১০০ গ্রাম সয়া দুধ অথবা সরকার নির্ধারিত বিকল্প খাবার সরবরাহ করা যাবে।

 

দুর্যোগে মৃত্যু হলে পরিবার পাবে ৫০ হাজার টাকা

দুর্যোগ কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার পরিমাণও নির্দিষ্ট করা হয়েছে।

  • দুর্যোগে কেউ মারা গেলে তার পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে।
  • আহত ব্যক্তির চিকিৎসার জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেওয়া যাবে।
  • ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া যাবে।
  • অসচ্ছল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের মেরামতে সর্বোচ্চ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া যাবে। বিশেষ অনুমোদনে এ অর্থ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
  •  

গবাদিপশু মারা গেলে গরু বা মহিষের জন্য সর্বোচ্চ ২৫ হাজার এবং ছাগল বা ভেড়ার জন্য পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। আহত পশুর চিকিৎসার জন্যও অর্থ বরাদ্দের সুযোগ রয়েছে।

 

এ ছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং চরাঞ্চলের স্কুল-কলেজে পড়ুয়া মেয়েদের সাইকেল কেনার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া যাবে।

 

শিশুখাদ্যে ৩ হাজার, পশুখাদ্যে ২ হাজার টাকা

অসচ্ছল পরিবারের শিশুদের পুষ্টিকর খাবার কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ তিন হাজার টাকা দেওয়া হবে। এ অর্থ দিয়ে দুধ, সাগু, সুজি, বার্লি, চিনি, নুডলসসহ প্রয়োজনীয় খাবার কেনা যাবে।

অন্যদিকে গবাদিপশুর খাদ্য কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ দুই হাজার টাকা সহায়তা পাওয়া যাবে। খৈল, ভুসি, খড়, কুড়ো ও ঘাসসহ বিভিন্ন পশুখাদ্য কেনায় এ অর্থ ব্যয় করা যাবে।

শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে একজনকে একটি কম্বল, চাদর বা কমফোর্টার দেওয়া যাবে। একটি পরিবার সর্বোচ্চ দুটি শীতবস্ত্র পাবে। অন্যান্য পোশাকের ক্ষেত্রে ব্যক্তিপ্রতি একটি এবং পরিবারপ্রতি সর্বোচ্চ তিনটি দেওয়ার নিয়ম রাখা হয়েছে।

প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে তারপলিন বা তাঁবু দেওয়া যাবে। তবে আগের বছর একই ধরনের সরকারি সহায়তা পাওয়া ব্যক্তি বা পরিবার পরবর্তী সময়ে এ সুবিধা পাবে না।

ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থের ব্যবস্থা

দুস্থ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র মানুষের ঘর নির্মাণের জন্য সর্বোচ্চ ছয় বান্ডিল এবং পুনর্নির্মাণের ক্ষেত্রে চার বান্ডিল ঢেউটিন দেওয়ার বিধান রয়েছে। সাধারণভাবে ১০ বছরে একবার এ সুবিধা পাওয়া যাবে।

দুর্যোগে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি বা স্বনির্মিত দোকান মেরামতে সর্বোচ্চ দুই বান্ডিল এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে তিন বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। বিশেষ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ পরিমাণ পাঁচ বান্ডিল পর্যন্ত বাড়ানো সম্ভব।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সর্বোচ্চ ১৫ বান্ডিল এবং অন্যান্য নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য সাত বান্ডিল ঢেউটিন বরাদ্দের সুযোগ রয়েছে।

নগদ অর্থ সহায়তার ক্ষেত্রে—

  • আংশিক ক্ষতিগ্রস্ত ঘর মেরামতে সর্বোচ্চ ২০ হাজার টাকা।
  • সম্পূর্ণ বিধ্বস্ত ঘর পুনর্নির্মাণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা।
  • শিক্ষা, ধর্মীয় ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের মেরামত বা নির্মাণে সর্বোচ্চ এক লাখ টাকা।

সরকারি জিআর কর্মসূচির আওতায় ঢেউটিন পাওয়া পরিবার প্রতি বান্ডিলের বিপরীতে ছয় হাজার টাকা করে পেতে পারে। এ সুবিধাও ১০ বছরে একবারের বেশি দেওয়া হবে না।

সুবিধাভোগী নির্বাচনে থাকবে কয়েক ধাপের যাচাই

সরকারি সহায়তার প্রকৃত প্রাপকদের চিহ্নিত করতে ওয়ার্ড পর্যায় থেকে তালিকা তৈরির কাজ শুরু হবে। পাড়া ও গ্রামভিত্তিক তথ্য সংগ্রহ করে ওয়ার্ড কমিটি প্রাথমিক তালিকা তৈরি করবে। এরপর ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি তা যাচাই করে অনুমোদনের জন্য পাঠাবে।

ইউনিয়ন পর্যায়ের তালিকা উপজেলা কমিটি এবং পৌরসভার তালিকা জেলা প্রশাসক অনুমোদন করবেন। পরে জেলা পর্যায়ের সব তথ্য একত্র করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানো হবে। অধিদপ্তর সারাদেশের তথ্য সমন্বয় করে মন্ত্রণালয়ে জমা দেবে।

দুর্যোগের ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকার পরিধি এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের সংখ্যা বিবেচনা করে সহায়তার বরাদ্দ নির্ধারণ করা হবে।

অভিযোগ নিষ্পত্তি ১৫ কার্যদিবসের মধ্যে

সুবিধাভোগীর তালিকায় নাম না থাকলে কিংবা সহায়তা নিয়ে কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা কমিটির সভাপতির কাছে অভিযোগ করা যাবে।

ইউনিয়ন কমিটির সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং পৌরসভা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অভিযোগ পাওয়ার পর সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

বরাদ্দ পাওয়ার সাত দিনের মধ্যে বিতরণ শেষ

নতুন নির্দেশিকায় সময়মতো সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের কাছে সহায়তা বিতরণ সম্পন্ন করতে হবে। বিতরণ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

প্রকৃত অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া, তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায় রাখা এবং অনিয়ম ও স্বজনপ্রীতি ঠেকানোই নতুন নির্দেশিকার অন্যতম লক্ষ্য।

এফ/ডি

সম্পর্কিত খবর