কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় স্থান না পাওয়াকে কেন্দ্র করে ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।
পদত্যাগের পেছনে এই বিষয়টিরও ভূমিকা থাকতে পারে বলে দলীয় সূত্রটি জানিয়েছে। তবে তার পদত্যাগের প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান।
সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক।
এ/এইচ/টি