দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের মতো সহিংস ঘটনা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গোয়েন্দা সংস্থার কাছে নাশকতার সঙ্গে সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ ৩৫ জনের সম্পৃক্ততার তথ্য রয়েছে। তাদের মধ্যে নয়জন অর্থের জোগানদাতা হিসেবে চিহ্নিত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার রাত থেকে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেন। রোববারের কর্মসূচিতেও দেশীয় অস্ত্র হাতে কিছু বিক্ষোভকারীকে দেখা যায়।
এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে একদিনে দেশের ২৮টি জেলায় বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়।
গোয়েন্দা সূত্রের দাবি, এসব ঘটনার পেছনে সাবেক জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং চাকরিচ্যুত সরকারি কর্মকর্তাদের একটি অংশের ভূমিকা রয়েছে। নাশকতার পরিকল্পনা ও অর্থায়নে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি তাদের গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে চারজনকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে দুজন সাবেক মন্ত্রী, একজন সাবেক সিটি মেয়র এবং একজন সাবেক সরকারি কর্মকর্তা রয়েছেন।
এ ছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আরও ১১ জনের নাম এসেছে গোয়েন্দা তালিকায়। তাদের মধ্যে বিভিন্ন জেলার আওয়ামী লীগের সাবেক নেতা, সাবেক সংসদ সদস্য এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতারাও রয়েছেন বলে সূত্রের দাবি।
ঢাকাকেন্দ্রিক কর্মকাণ্ডের নেপথ্যে কয়েকজন সাবেক রাজনৈতিক নেতা ও নিষিদ্ধ সংগঠনের নেতার সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। একইভাবে চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি ঘটনায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিসহ তিনজনের ভূমিকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকার আরও আটজন নেতার নামও আলাদাভাবে এসেছে।
গোয়েন্দা প্রতিবেদনে সীমান্তপথে বিস্ফোরকসদৃশ সামগ্রী দেশে প্রবেশের অভিযোগও তুলে ধরা হয়েছে। এতে কয়লা পরিবহনের যানবাহনসহ কয়েকটি সীমান্ত রুট ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। দেশের কয়েকটি দুর্গম এলাকায় এসব সামগ্রী প্রস্তুতের তথ্য পাওয়ার দাবিও করেছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি দেশজুড়ে চলমান বিশেষ অভিযান আরও জোরদার এবং নাশকতা-সংক্রান্ত মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর বিচারিক কার্যক্রম ও রায় বাস্তবায়ন পর্যন্ত নিয়মিত তদারকির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নাশকতায় জড়িত ব্যক্তি, অর্থায়ন ও বিস্ফোরক পরিবহনের বিষয়ে প্রতিবেদনে যেসব তথ্য এসেছে, সেগুলো গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি; স্বাধীনভাবে যাচাই করা তথ্য হিসেবে উপস্থাপন করা হয়নি।
এফ/ডি