দেশের বিভিন্ন অঞ্চলে টানা তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১১
নভেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগেরই বিভিন্ন এলাকায় এই বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরের দিন মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (১১ নভেম্বর)-ও দেশে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
তবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এদিন কেবল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরপর শুক্রবার (১৩ নভেম্বর) সারা দেশেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার ও বুধবারও তাপমাত্রা সামান্য কমার ধারা অব্যাহত থাকতে পারে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এইচ/এম