[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ৪:৫২ এএম

সংগৃহীত ছবি

বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করার উদ্যোগ নিয়েছে বিএনপি।

এ লক্ষ্যে দলটির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে মাসজুড়ে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, কোনো পক্ষের পাল্টা কর্মসূচি কিংবা সতর্ক পাহারার কৌশল নয়, বরং নিজেদের রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দলের তৃণমূল পর্যায় পর্যন্ত নেতা-কর্মীদের সক্রিয় করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।

রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক পরিস্থিতির মধ্যেই বিএনপির এই সাংগঠনিক উদ্যোগ সামনে এসেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে।

এমন পরিস্থিতিতে বিজয়ের মাসকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নেতা-কর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে বিএনপি।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর