দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মাদক চোরাচালান বন্ধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ ও বিদ্যমান অবকাঠামো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।
বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে সেগুলো বন্ধে কার্যকর আইনগত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত আর্থিক লেনদেন, অপরাধলব্ধ অর্থ এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক তদন্তের সুপারিশ করেন তিনি।
হুইপ রকিবুল ইসলাম সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের পরামর্শ দিয়ে বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অন্যদিকে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদক নিয়ন্ত্রণ শুধু কোনো একটি মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়; এটি জাতীয় পর্যায়ের সমন্বিত প্রচেষ্টার বিষয়।
বৈঠকে মাদকসংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের পথ চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।
মাদক পাচার প্রতিরোধে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানো, যৌথ নজরদারি ও অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফ/ডি