স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রের দুটি ব্লকে সফলভাবে স্টেন্ট (রিং) স্থাপন করেছেন চিকিৎসকরা।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের এ চিকিৎসা সম্পন্ন হয়।
এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা।
পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রোববার দুটি ব্লকে স্টেন্ট স্থাপন করা হয়। বাকি ব্লকটির চিকিৎসায় ডাইলেশন পদ্ধতি প্রয়োগ করা হয়। এ পদ্ধতিতে বেলুনের সাহায্যে সংকুচিত রক্তনালি প্রসারিত করা হয়।
প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে পুরো চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এফ/ডি