[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ৭:০২ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নিয়মিত গাছ লাগানো এবং পশুপাখিসহ সব জীবের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন তিনি।

 

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী, ছয় শিক্ষক ও অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ শিক্ষার্থী ও ছয় শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী ও দুই শিক্ষক সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন।

 

সংসদ অধিবেশনের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্ম ভবিষ্যতে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে। তবে এসব ক্ষেত্রে যুক্ত হওয়ার আগে নিজেদের জ্ঞান, দক্ষতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

আলোচনায় শিক্ষার্থীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরেন তারেক রহমান।

 

প্রথম পরামর্শে তিনি ব্যক্তিগত বাসস্থান, আশপাশের এলাকা ও শহর পরিষ্কার রাখার কথা বলেন। যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন।

 

দ্বিতীয়ত, বর্ষা মৌসুমে নিজের অথবা পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। এতে পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

 

তৃতীয় পরামর্শে পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সহানুভূতিশীল ও সদয় আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত পরিচিতিমূলক আলোচনা শোনেন। পরে সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন। পরিদর্শন শেষে ভবনের উত্তর প্লাজায় তারা ফটোসেশনে অংশ নেন।

 

এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফ/ডি

সম্পর্কিত খবর