[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

নুসরাতের বাড়িতে আগুন, তদন্ত প্রতিবেদন জমা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ১:৪৯ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম প্রায় শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি।

সবকিছু ঠিক থাকলে আজ রোববার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কমিটির প্রধান।

অগ্নিকাণ্ডের পেছনে পেট্রোল বোমা, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনো নাশকতা অথবা দুর্ঘটনা দায়ী কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্টরা।

এ ক্ষেত্রে বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আগুন লাগার সময় ও প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে।

তদন্ত কমিটির এক সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে সিসিটিভি ফুটেজে আগুনের একটি বড় স্ফুলিঙ্গ দেখা যায়।

প্রথমে সেটিকে আগুন লাগার প্রাথমিক মুহূর্ত বলে ধারণা করা হলেও পরবর্তী ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, এর আগেই বাড়িতে আগুনের উপস্থিতি ছিল। অর্থাৎ দৃশ্যমান ওই স্ফুলিঙ্গের অনেক আগে থেকেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল।

শর্টসার্কিটের সম্ভাবনা প্রসঙ্গে তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আগুন কয়েক দফায় দপ করে জ্বলে ওঠার পর বিদ্যুতের বাতি নিভে যায়। তবে বাতি নেভার আগেই আগুন জ্বলতে দেখা গেছে। এ কারণে বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

তদন্তে আরও একটি বিষয় সামনে এসেছে। বাড়ির একটি কক্ষে খড় মজুত ছিল। সেখানে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছিল, নাকি অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটেছে—এ দুই সম্ভাবনাও যাচাই করছেন কমিটির সদস্যরা।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও পর্যালোচনা চলছে।

তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম জানিয়েছেন, তদন্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

রোববার চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৪ নভেম্বর) দুই দিন ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৈতৃক বাড়ি পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।

ঘটনাস্থল পর্যবেক্ষণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাইয়ের ভিত্তিতেই প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর