সাব-রেজিস্ট্রি অফিসের সেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে চান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, দেশের রাজস্ব আয়ে নিবন্ধন অধিদপ্তরের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। জাতীয় বাজেটে এ অধিদপ্তরের অবদান গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের তুলনায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। এর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে মানুষের নেতিবাচক ধারণা দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কিছু কার্যালয়ে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এতে পুরো অধিদপ্তরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা দুর্নীতি ও অদক্ষতার কারণে মানুষ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই জবাবদিহি করতে হবে।
তিনি আরও জানান, ভালো কাজের জন্য কর্মকর্তাদের পুরস্কার ও প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে। অন্যদিকে দুর্নীতি বা সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতির পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান আইনমন্ত্রী। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সহজ হবে।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকলেও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ থাকতে হবে। সরকারি পদ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজিতে জড়িত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নিবন্ধন অধিদপ্তরের আইন ও বিধিমালা পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মহাপরিদর্শকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন মন্ত্রী। জনস্বার্থ বিবেচনায় সেসব প্রস্তাব যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীসহ মন্ত্রণালয় ও নিবন্ধন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে সভায় সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এফ/ডি