তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচ দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৪ নভেম্বর) সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও এর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে দেশটিকে। অতীতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে প্রতিশ্রুত অর্থের তুলনায় বাংলাদেশ খুব সামান্যই পেয়েছে। পাওয়া অর্থের বড় অংশও ছিল ঋণ। তাই ভবিষ্যতে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
জামায়াতের এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে বরাদ্দ দেওয়া ৩০ মিলিয়ন মার্কিন ডলার যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অর্থ ব্যবহারের নিয়মিত হিসাব ও অগ্রগতি প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রীর পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়টি কোনো দল বা মতের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ক্ষেত্রে জাতীয় ঐক্য গড়ে তুলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরতে হবে।
সংবাদ সম্মেলনে পরিবেশ সুরক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরা হয়। এর আওতায় রয়েছে বন্যার ঝুঁকি শূন্যে নামানো, বর্জ্য শূন্য করা এবং পরিবেশের অবক্ষয় বন্ধ করা। কপ-৩১-এর বিভিন্ন পার্শ্ব-আয়োজনেও এসব লক্ষ্য তুলে ধরেছে দলটির প্রতিনিধি দল।
এদিকে বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন করতে না পারার অভিযোগও করেন মাহবুবুল আলম সালেহী। তিনি জানান, শনিবার দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আগেই যোগাযোগ করা হলেও প্যাভিলিয়ন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করেনি।
এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকারের সঙ্গে সমন্বয় করে দেশের অবস্থান তুলে ধরতেই জামায়াতের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছে। তবে সেখানে সরকারি প্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে জামায়াতের কপ-৩১ প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
এফ/ডি