দেশে রাসায়নিক সারের মজুদ গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক
টন বেড়ে বর্তমানে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। আসন্ন রবি মৌসুমে সারের এই পর্যাপ্ত মজুদের পাশাপাশি প্রকৃত চাহিদা নিরূপণ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করে কৃত্রিম সংকট রোধে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা সুরক্ষিত রাখতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক ও উপপরিচালকদের সমন্বিত উদ্যোগ, সঠিক চাহিদাভিত্তিক পরিকল্পনা এবং মজুদ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি বলেও মনে করে কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে রাসায়নিক সারের মজুদ অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। গত ২০২৫-২০২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মোট মজুদ ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, যা চলতি বছর ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে উন্নীত হয়েছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইউরিয়া ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি সার ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন মজুদ আছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি সার ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে।
এছাড়া চলতি নভেম্বর মাসে কৃষকদের চাহিদা মেটাতে মোট ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা
সারের চাহিদা ও মজুদ ব্যবস্থাপনা ত্রুটিমুক্ত রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
চলমান মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের চাহিদা এবং সংশ্লিষ্ট বরাদ্দ সঠিকভাবে উত্তোলন নিশ্চিত করতে হবে।
আগের চাহিদা, বরাদ্দ ও মজুদের তুলনামূলক বিশ্লেষণ করে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলাগুলো দ্রুত চিহ্নিত করতে হবে।
আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা নিরূপণ করে অগ্রিম মজুদ ও সরবরাহ পরিকল্পনা গ্রহণ করতে হবে।
উপ-পরিচালকদেরকে মাঠপর্যায়ের সঠিক চাহিদা নিরূপণ করে যথাসময়ে তথ্য পাঠাতে হবে এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত বা কম চাহিদা প্রেরণ সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।
সুষ্ঠু বিতরণ ও নজরদারি নিশ্চিতকরণে পদক্ষেপ
সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কিছু পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করতে প্রতিটি ডিলারের দোকানে মূল্যতালিকা ও মজুদের তথ্য দৃশ্যমান রাখতে হবে।
মজুদদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছাতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহার এবং শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার রোধে কঠোর নজরদারি বজায় রাখতে হবে।
জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন করে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এবং দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুদ ও বিক্রয় প্রতিবেদন জেলায় প্রেরণ করতে হবে।
সার ব্যবস্থাপনায় কোনো ধরনের সমস্যা বা সীমাবদ্ধতা দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও উপ-পরিচালকদের সমন্বিত প্রচেষ্টায় সারের অভাবে কোনো কৃষক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
এসব বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এ বছর সারের মজুদ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক রয়েছে এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে।
তিনি বলেন, কৃষকদের মনে কোনো ধরনের বিভ্রান্তি বা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে আমাদের উপ-পরিচালক ও মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কৃষকদের প্রয়োজনীয় সারের বাইরে বেশি সংগ্রহ করে ঘরে সংরক্ষণ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সব কৃষক প্রয়োজনীয় সার পাবেন। আমরা কঠোরভাবে মনিটরিং করছি যাতে কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং প্রকৃত কৃষকরা তাদের সার সময়মতো পান।
আবদুর রহিম বলেন, সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যারা সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও মাঠ প্রশাসনের কাজ সমন্বয় করবেন।
এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের কৃষি উৎপাদন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। স্বস্তির বিষয় হলো, গত বছরের তুলনায় চলতি মৌসুমে সারের মজুদ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক রয়েছে এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার আমাদের হাতে মজুদ আছে।
তিনি বলেন, কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর মনিটরিং বজায় রাখছে। কোনো অবস্থাতেই যেন কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষি সচিব বলেন, আনন্দের বিষয় হচ্ছে কঠোর মনিটরিংয়ের কারণে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চল হলো ফসলের হাব এবং দেশের খাদ্য নিরাপত্ত
এইচ/এম