[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর বড় পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ ৪:৪২ পিএম

সংগৃহীত ছবি

দেশে বৈদ্যুতিক ট্রেন চলাচল চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রথম ধাপে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের পর এই নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এর বেশির ভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অন্যদিকে আমদানি করা যন্ত্রপাতির শুল্ক, ভ্যাট ও দেশের অভ্যন্তরীণ ব্যয় বহন করবে সরকার।

 

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ের প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।

 

তিনি জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে পারবে এমন আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর প্রস্তুতি চলছে। দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথকে বেছে নেওয়া হয়েছে।

 

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে প্রকল্পের দরপত্র কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর ২০২৮ সালের মাঝামাঝি সময়ে মূল নির্মাণকাজ পুরোদমে শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

 

প্রকল্পের অংশ হিসেবে এই রেলপথে চলাচলের জন্য ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন বিদেশ থেকে আনা হবে। প্রতিটি ট্রেনের দুই প্রান্তে চালকের জন্য আলাদা কক্ষ থাকবে। ফলে এক দিক থেকে অন্য দিকে চলাচলের সময় ট্রেন ঘোরানোর প্রয়োজন পড়বে না। এতে বিরতিহীনভাবে নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে ট্রেন পরিচালনা সহজ হবে।

 

বৈদ্যুতিক ট্রেনের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রেলপথেও এ প্রযুক্তি চালুর সম্ভাবনার কথা তুলে ধরেছেন রেলওয়ের এই কর্মকর্তা। তাঁর মতে, রাজধানী ও দেশের প্রধান সমুদ্রবন্দরকে সংযুক্ত করা এ রেলপথে বৈদ্যুতিক লোকোমোটিভ যুক্ত করা গেলে যাত্রী পরিবহনের পাশাপাশি কনটেইনার ও ভারী পণ্য পরিবহনেও গতি আসবে। এতে যাতায়াতের সময় এবং রেল পরিচালনার খরচ কমানো সম্ভব হবে।

 

রফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টিইইউ কনটেইনার রেলপথে পরিবহন করা হয়। ২০ ফুট সমমানের একক হিসেবে এই পরিমাণ মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩ শতাংশ।

 

অন্যদিকে ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে বছরে রেলপথে কনটেইনার পরিবহনের সক্ষমতা ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রেলপথে পণ্য পরিবহনের পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

রেলওয়ের পরিকল্পনা সেলের এই কর্মকর্তা মনে করেন, বৈদ্যুতিক ট্রেনের নেটওয়ার্ক বিস্তারের পাশাপাশি আধুনিক কনটেইনার ও পণ্য ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে তোলা গেলে বাংলাদেশ রেলওয়ের পরিবহন সক্ষমতা এবং বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে।

এফ/ডি

সম্পর্কিত খবর