বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম কনস্যুলার সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক কিছু ইস্যুতে দুই দেশের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হওয়ায় সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে এই টানাপোড়েন তৈরি হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
সূত্র জানায়, ঢাকায় অনুষ্ঠেয় বৈঠকে দুই দেশের কনস্যুলার সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা ছিল। এর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম সহজ করা, দুই দেশে আটক নাগরিকদের ফেরত পাঠানো, কারাবন্দি জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাওয়ার কথা ছিল।
উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। এরপর দুই দেশের মধ্যে চারবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের চতুর্থ কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। এবার ঢাকায় পঞ্চম বৈঠক আয়োজনের প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হলো।
এফ/ডি