[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

গ্যাসের দাম বাড়ানোর অভিযোগ ভিত্তিহীন, সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ৭:০৮ পিএম

সংগৃহীত ছবি

ফ্যামিলি কার্ডের অর্থ জোগাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে—এমন অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি। বরং আন্তর্জাতিক বাজার থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করেও গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

 

প্রশ্নে নুরুন্নিসা সিদ্দিকা উল্লেখ করেন, গ্যাসের সংকটে দেশের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সরবরাহ না পেলেও গ্রাহকদের বিল দিতে হচ্ছে। এ অবস্থায় আবাসিক পর্যায়ে গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না, তা জানতে চান তিনি।

 

জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বৃহস্পতিবারও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে উচ্চমূল্যে গ্যাস কেনার সিদ্ধান্ত হয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা এবং বাসাবাড়িতে সরবরাহ নিশ্চিত করতে গ্যাসের দাম বাড়ানো হয়নি।

 

এলপিজির মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, এলপিজি মূলত বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমদানি করে। ফলে এর আমদানি ও মূল্য নির্ধারণে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নেই।

 

বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে সরকার কাজ শুরু করেছে। বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহ বাড়াতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত এ গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও গড়ে তোলার উদ্যোগ রয়েছে।

 

সংসদে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান এবং উত্তোলন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, আমদানিনির্ভরতা কমানো এবং শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এর অন্যতম লক্ষ্য।

 

তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় ‘বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬’ চূড়ান্ত করা হয়েছে। এর আওতায় সমুদ্রসীমার ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য গত ২৪ মে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ।

 

ফ্যামিলি কার্ডের সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধির কোনো সম্পর্ক নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেল ও গ্যাসের দাম নির্ধারণ করা হলেও গত আট মাসে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। ফ্যামিলি কার্ডের অর্থায়নের জন্য গ্যাস বা তেলের দাম বাড়ানো হয়েছে—এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই।

 

এদিকে, সরকারি বক্তব্যের বাইরে এলপিজির বাজারদরে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নয় মাসে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৭১৯ টাকা বেড়েছে। মার্চে যার মূল্য ছিল ১ হাজার ৩৪১ টাকা, নভেম্বর মাসে তা দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকায়।

 

দাম বৃদ্ধির পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে ২৫২ টাকা বেড়ে হয় ১ হাজার ৮৩৭ টাকা। পরের মাসে আরও ২২৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার ৬০ টাকা।

অর্থাৎ নয় মাসে এলপিজির দাম প্রায় ৫৪ শতাংশ বেড়েছে। এতে রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী সাধারণ পরিবারগুলোর ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর