[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ৬:১৪ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তাঁর ভাষ্য, প্রাথমিক অনুসন্ধানে পুরোনো বাড়িটির বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুন লাগার বিষয়টিই বেশি সম্ভাব্য বলে মনে হচ্ছে।

তবে তদন্তে পরিকল্পিত নাশকতার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাটি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, ঘটনার পর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেট্রোল বোমার আলামত না পাওয়ার কথা জানালেও সেখানে কোনো ফরেনসিক দল যায়নি। একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক বলা যায় কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরের ওই বাড়িতে টিনশেডের একটি আধাপাকা ঘর রয়েছে।

ঘরটি দীর্ঘদিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। এর প্রায় ২০ মিটার দূরে থাকা তিনতলা ভবনে সংসদ সদস্যের বাবা-মা বসবাস করেন।

মন্ত্রী জানান, আগুন লাগা ঘরটিতে কেউ বসবাস করতেন না। সেখানে তত্ত্বাবধায়কের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় এবং দুটি ছাগল রাখা ছিল। অগ্নিকাণ্ডে ছাগল দুটি মারা যায়।

ঘটনার পরপরই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, তিনি নিজেও জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে বিজিবি, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংসদ সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটায় বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও সংসদে উল্লেখ করেন মন্ত্রী।

অধিবেশনে বিজিবির প্রাথমিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং বিভিন্ন আলামত পর্যালোচনা করে পেট্রোল বোমা ব্যবহারের কোনো সুস্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনার তথ্যও পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার আঘাতের চিহ্ন কিংবা এ ধরনের ঘটনার প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থলের বিভিন্ন অংশের ছবি, অডিও ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটির পুরোনো ও দুর্বল বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ের ধারণা। পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।

এ ঘটনায় দৌলতপুর থানায় ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। তদন্তে যদি কারও পরিকল্পিত নাশকতায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর