[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর ৫ আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সুরক্ষায় আন্তর্জাতিক অর্থায়নের অন্তত অর্ধেক অভিযোজন কার্যক্রমে ব্যয়ের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে এসব দেশকে নতুন ঋণের বোঝায় না ফেলে অনুদান ও সহজ শর্তে আর্থিক সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। এসব প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী।

 

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সামনের সারিতে থাকা দেশগুলোর একটি। অথচ বিশ্বে মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অংশ ০.৫ শতাংশেরও কম। প্রতিকূলতা সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

 

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে সরকার অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করে। শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করাও জরুরি।

 

সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ায় অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

 

নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশ লক্ষ্যমাত্রা

প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের পরিকল্পনা রয়েছে সরকারের। প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্বন নিঃসরণ শূন্যের পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যেও কাজ চলছে।

 

তিনি বলেন, বিশেষ কর সুবিধা দিয়ে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে।

 

দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানা রয়েছে উল্লেখ করে তিনি সবুজ শিল্পায়নের প্রসারের কথা জানান। বৈদ্যুতিক যানবাহন ও পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণ, পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগও তুলে ধরেন তিনি।

 

পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনা এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুদ্ধার ও ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করার লক্ষ্য রয়েছে। উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারেও কাজ করা হচ্ছে।

 

আন্তর্জাতিক সহযোগিতায় পাঁচটি প্রস্তাব

বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। তাঁর মতে, উন্নয়নশীল দেশগুলোর বাস্তব চাহিদা ও অগ্রাধিকার অর্থায়নের ক্ষেত্রে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি সামলানোর পাশাপাশি ঋণ পরিশোধের চাপ এসব দেশের অর্থনৈতিক সংকট আরও বাড়াচ্ছে।

 

এ পরিস্থিতি বিবেচনায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

প্রস্তাবগুলো হলো—

১. আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ ঝুঁকিপূর্ণ দেশগুলোর নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে ব্যয় করতে হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও অর্থায়ন বাড়াতে হবে।

 

২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের চাপ কমাতে বিশেষ ঋণ-সহায়তা, ঋণ পরিশোধ স্থগিতের সুযোগ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ ব্যবস্থা চালু করতে হবে।

 

৩. পরিবেশবান্ধব ও আধুনিক জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরে কার্যকর সহযোগিতা প্রয়োজন।

 

৪. সহজ শর্তে অর্থায়ন, দক্ষ জনবল তৈরি এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার দ্রুত বাড়াতে হবে।

 

৫. ন্যায্য অর্থায়ন ও বাণিজ্য নিশ্চিত করে জ্বালানি রূপান্তর এগিয়ে নিতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।

সবুজ কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব

জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশবান্ধব ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

 

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রচেষ্টা আরও জোরদার করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

 

বক্তব্যের শেষ পর্যায়ে কপ-৩১ সম্মেলন থেকে কার্যকর, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থকে আলোচনায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, সেগুলো বাস্তবায়ন করতে হবে। বৈশ্বিক সংহতি ও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সম্মিলিতভাবে একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

এফ/ডি

সম্পর্কিত খবর