দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো কমানো হয়েছে স্বর্ণের দাম।
স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবী) দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বাজুসের সংশোধিত তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের ভরি ১ হাজার ৫৭৫ টাকা কমে হয়েছে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে গত ১১ নভেম্বরও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একইভাবে ২১ ক্যারেটে ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ৮০৮ টাকা হ্রাস করা হয়েছিল।
সব মিলিয়ে সাম্প্রতিক তিন দফা মূল্য সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে চলতি মাসের ২, ৪ ও ৫ নভেম্বর পরপর তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় প্রতি ভরিতে মোট ১২ হাজার ৭২ টাকা বৃদ্ধি পেয়েছিল।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এফ/ডি