[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

বিক্রি কমেছে ৩৫ শতাংশ, গভীর সংকটে দেশের আবাসন খাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ৯:৩৬ এএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় নিজস্ব ফ্ল্যাটের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও দেশের আবাসন ব্যবসায় বড়

 ধরনের মন্দা দেখা দিয়েছে। গত এক বছরে ফ্ল্যাট বিক্রি ও বুকিং প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমে যাওয়ায় আবাসন প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নির্মাণসংশ্লিষ্ট শতাধিক শিল্প এবং কয়েক লাখ মানুষের কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে।

​ব্যবসায়ীদের পরিসংখ্যান অনুযায়ী, ঢাকার প্রায় দুই কোটি মানুষের নিজস্ব বাসস্থান নেই। তা সত্ত্বেও ফ্ল্যাট কেনাবেচায় এই স্থবিরতা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আবাসিক ভবন ও জমির দাম ব্যাপকভাবে কমে যাওয়ার গুজব ছড়ালেও বাস্তব চিত্র ভিন্ন। নির্মাণব্যয় ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বেশি থাকায় বিক্রি কমলেও ফ্ল্যাটের দাম এখনো চড়া রয়েছে।

​আবাসন খাতের উদ্যোক্তাদের মতে, এই সংকটের পেছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সঞ্চয় কমেছে। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসাভাড়ার মতো নিয়মিত খরচ মেটাতে হিমশিম খাওয়ায় অনেকে ফ্ল্যাট কেনার পরিকল্পনা থেকে সরে আসছেন। দ্বিতীয়ত, গৃহঋণের উচ্চ সুদের কারণে কিস্তি পরিশোধের চাপে সম্ভাব্য ক্রেতারা বড় অঙ্কের ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না।

​অন্যদিকে, নির্মাণসামগ্রীর দাম বাড়ায় প্রকল্প বাস্তবায়ন ব্যয়বহুল হয়ে পড়েছে। ব্যবসায়ীদের হিসাবে, এক বছরে নির্মাণ উপকরণের খরচ ৩১ শতাংশের বেশি বেড়েছে। রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল জানান, সার্বিক নির্মাণ ব্যয় বৃদ্ধির হার প্রায় ৪৩ শতাংশ। এর সঙ্গে যুক্ত হয়েছে কর ও নিবন্ধন ব্যয়ের বাড়তি চাপ। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ফ্ল্যাটের সরকারি মূল্যের ওপর নতুন করে ১৫ শতাংশ মূলধনি মুনাফা কর আরোপ করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে নিবন্ধন খরচ মোট মূল্যের ১৩ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। রিহ্যাব দীর্ঘদিন ধরে এসব ব্যয় কমানোর দাবি জানিয়ে আসছে।

​উদ্যোক্তাদের তথ্যমতে, গত তিন বছরে আবাসিক ইউনিটের মূল্য সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। জমি, শ্রমিকের মজুরি, নির্মাণ উপকরণ ও অর্থায়নের ব্যয় না কমায় বিক্রি কমলেও প্রতিষ্ঠানগুলো দাম কমাতে পারছে না। ফলে ক্রেতার আর্থিক সামর্থ্য এবং ফ্ল্যাটের দামের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।

​আবাসন খাতের এই স্থবিরতার নেতিবাচক প্রভাব পড়েছে ২৬৯টি সহযোগী শিল্পে। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রডের বিক্রি সর্বোচ্চ ৪৫ শতাংশ কমেছে। এ ছাড়া সিরামিক পণ্যের চাহিদা ২০ থেকে ৩০ শতাংশ এবং বৈদ্যুতিক সরঞ্জামের বিক্রি ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

​রিহ্যাবের হিসাব বলছে, আবাসন ও সংশ্লিষ্ট শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে, যাদের জীবিকা এখন হুমকির মুখে। পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধে জটিলতা তৈরি হওয়ায় এ খাতে খেলাপি ঋণের হার প্রায় ২৭ শতাংশে পৌঁছেছে। এ ছাড়া নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর না করা এবং অর্থ আত্মসাতের কিছু ঘটনার কারণে ক্রেতাদের মধ্যে আস্থার সংকটও তৈরি হয়েছে।

​এই সংকট কাটিয়ে উঠতে ঢাকার বাইরে সাশ্রয়ী আবাসন গড়ে তোলা এবং যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা বাড়ানোর ওপর জোর দিয়েছেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক। অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী মনে করেন, নির্মাণ ও বিক্রয় কার্যক্রম দীর্ঘদিন স্থবির থাকলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য স্বল্প সুদের দীর্ঘমেয়াদি গৃহঋণ এবং বিশেষ অর্থায়ন তহবিল গঠন করা জরুরি। পাশাপাশি কর ও ঋণের সুদ কমানোর সঙ্গে প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে ক্রেতাদের আস্থা ফিরবে এবং বাজার পুনরায় সচল হবে।

এইচ/এম

সম্পর্কিত খবর