[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৯:৪৮ পিএম

সংগৃহীত ছবি

বর্জ্যকে শুধু পরিবেশের জন্য সমস্যা হিসেবে না দেখে সম্পদ ও জ্বালানি উৎপাদনের সম্ভাবনাময় উৎস হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান।

 এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তি এবং জলবায়ু তহবিল বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

 

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জীবনসঙ্গীদের নিয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেন জুবাইদা রহমান। তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান বৈঠকটির আয়োজন করেন।

 

বক্তব্যে জুবাইদা রহমান বলেন, বর্জ্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার কাজ কোনো একটি দেশের পক্ষে এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এ জন্য দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির সহজলভ্যতা, অর্থায়ন এবং সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় নিয়োজিত অনানুষ্ঠানিক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

 

তিনি জানান, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের কার্যক্রমকে সমর্থন করে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্য সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, সরকারের থ্রি-আর নীতির আওতায় বর্জ্যের পরিমাণ কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণে উৎসাহ দেওয়া হচ্ছে। এ ছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য আলাদা করা ও নিরাপদ উপায়ে অপসারণের নির্দেশনা রয়েছে। ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০)-এ।

 

সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে বর্জ্য থেকে জৈব সার তৈরি, ল্যান্ডফিলের গ্যাস ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনব্যবস্থা গড়ে তোলা। চিকিৎসাসেবা কেন্দ্রের বর্জ্য আলাদা করে পরিবেশসম্মতভাবে প্রক্রিয়াজাত ও অপসারণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

 

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের তথ্য জানিয়ে জুবাইদা রহমান বলেন, প্রতিদিন প্রায় ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প চালুর চিন্তা করছে সরকার।

 

প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ। প্লাস্টিকের বিকল্প হিসেবে এ আঁশের তৈরি পণ্য ব্যবহারের সুযোগ রয়েছে। এ সময় সম্মেলনের গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন ঘুরে দেখার জন্য অতিথিদের আমন্ত্রণ জানান তিনি। দেশের বিভিন্ন জলাশয়, খাল ও পুকুর পরিষ্কার রাখার উদ্যোগের কথাও তুলে ধরেন।

 

মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে তিনি বলেন, গ্লোবাল মিথেন প্লেজের অংশ হিসেবে বাংলাদেশ এ গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণে কাজ করছে। জলবায়ুসহিষ্ণু কৃষি, উন্নত ধান চাষ পদ্ধতি এবং জৈব বর্জ্য থেকে সার ও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

পরিবেশ সুরক্ষায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে জুবাইদা রহমান বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায় থেকে পরিবেশ সচেতনতা তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে শুধু আগামী দিনের নেতৃত্ব হিসেবে নয়, বর্তমানের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার অংশীদার হিসেবেও বিবেচনা করতে হবে।

 

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বর্জ্যকে ফেলে দেওয়ার উপকরণ হিসেবে না দেখে অর্থনৈতিক সম্ভাবনা ও জ্বালানি উৎপাদনের উৎস হিসেবে কাজে লাগাতে হবে। বর্জ্যকে সম্পদে পরিণত করার পাশাপাশি দূষণ কমাতে দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর