[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৯:২৭ পিএম

সংগৃহীত ছবি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ প্রসঙ্গে তিনি নাৎসি বাহিনীর পতনের পর জার্মানিতে তাদের রাজনৈতিকভাবে ফিরে আসতে না পারার উদাহরণ টেনে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার সঙ্গে তুলনা করেন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যে আওয়ামী লীগের হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে অতীতে বাসে অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, হরতালের সময় বাসে আগুন দেওয়ার ঘটনা আওয়ামী লীগের পুরোনো কর্মকাণ্ডের অংশ।

এ সময় রাজধানীর শাহবাগে তৎকালীন হোটেল শেরাটন, বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনা স্মরণ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বর্ণনা অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে বাসটিতে গানপাউডার নিক্ষেপের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এতে যাত্রীরা বাস থেকে বের হতে পারেননি। আগুনে পুড়ে ঘটনাস্থলে অন্তত ৯ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আরও দুজন মারা যান বলে তিনি উল্লেখ করেন। ঘটনাটির বিষয়ে ইউটিউবে স্বীকারোক্তিমূলক বক্তব্য পাওয়া যায় বলেও দাবি করেন মন্ত্রী।

বিরোধী দলের বক্তব্যের জবাব দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ আরও অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করেও শেখ হাসিনা অডিও ও ভিডিও কলের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।

তার দাবি, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের তালিকা তৈরি, তাদের বাড়িঘরে হামলা এবং দেশে ফিরলে আন্দোলনকারীদের শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

তবে এ ধরনের পরিস্থিতি তৈরির কোনো সুযোগ আর দেওয়া হবে না বলে সংসদে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মানবাধিকার ও নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করা হয়েছে।

প্রধানমন্ত্রীও দেশে ফিরে তাঁর প্রথম বক্তব্যে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর