[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি

সারের ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে সুপারিশ দেওয়ার অভিযোগ ঘিরে জাতীয় সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে কৃষিমন্ত্রী আমিন উর রশীদের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হইচই শুরু হয়। পরে সরকারি দলের চিফ হুইপ অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।

 

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

 

প্রশ্ন করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সারের ডিলার নিয়োগসংক্রান্ত কয়েকটি প্রতিবেদনের শিরোনাম তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, নিয়োগপ্রক্রিয়ায় সংসদ সদস্যদের পরিবারের সদস্য ও দলীয় নেতাদের স্বজনরা বিশেষ সুবিধা পেয়েছেন।

 

তিনি উদাহরণ দিয়ে বলেন, কোথাও সংসদ সদস্যের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নির স্বামী ডিলার হয়েছেন। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপিসংশ্লিষ্ট বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তাঁদের মধ্যে কয়েকজনের সঙ্গে স্থানীয় নেতাদের পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।

 

হাসনাতের অভিযোগ, সংরক্ষিত নারী আসনের কিছু সংসদ সদস্য অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে কি না, সংসদ সদস্যদের স্বজনরা কীভাবে ডিলারশিপ পেয়েছেন এবং পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে এসব বিষয়ে ব্যাখ্যা চান তিনি।

 

এ সময় তিনি রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা দেওয়ার সংস্কৃতি বন্ধেরও দাবি জানান।

 

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, ডিলার নিয়োগকে কেন্দ্র করে ‘উৎসব’ হওয়ার যে কথা বলা হয়েছে, সেটিকে তিনি ইতিবাচক অর্থে দেখছেন। তাঁর ভাষ্য, মানুষ উৎসবের পরিবেশে এ কার্যক্রমে অংশ নিক, সেটিই তাঁর প্রত্যাশা।

 

মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ ও হইচই শুরু করেন। পরিস্থিতির মধ্যে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। সংসদ সদস্যরা একসঙ্গে কথা বললে তাঁর পক্ষে বক্তব্য দেওয়া কঠিন হয়ে পড়ে। তবে তাঁর উত্তরে কেউ সন্তুষ্ট না হলে পরবর্তী প্রশ্নের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

 

ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী বলেন, এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আবেদন নেওয়া হয়েছে। উপজেলা পর্যায় থেকে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে থাকতে পারেন।

 

তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয় ডিলার নিয়োগের ঘোষণা দিয়েছে। পুরো সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির স্বাক্ষরে নেওয়া হয়নি।

 

এ সময় বিরোধী দলের সদস্যদের হইচই চলতে থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁদের আসনে বসে বক্তব্য শোনার অনুরোধ জানান। তিনি বলেন, মন্ত্রী প্রশ্নের জবাব দিচ্ছেন। জবাবে সন্তুষ্ট না হলে পরবর্তী প্রশ্ন করার সুযোগ রয়েছে। তাই সংসদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সবাইকে ধৈর্য ধরতে হবে।

 

পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তব্য দেন। তিনি বলেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা ডিও দিয়েছেন—এমন অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ থাকা প্রয়োজন। কারও কাছে তথ্যপ্রমাণ থাকলে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে তা উপস্থাপন করার আহ্বান জানান তিনি।

 

চিফ হুইপ আরও বলেন, অভিযোগের পক্ষে প্রমাণ না থাকলে অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।

 

এরপরও বিরোধী দলের কয়েকজন সদস্য বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে ফ্লোর চাইতে থাকেন। তবে স্পিকার তাঁদের কাউকে কথা বলার সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নোত্তরে চলে যান। এ সময় সংসদে বিরোধী সদস্যদের প্রতিবাদ ও হইচই অব্যাহত ছিল।

এফ/ডি

সম্পর্কিত খবর