[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও অপরাধের জবাবদিহিতা চায় জাতিসংঘ

সাইদুর রহমান

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৩:১৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর জন্য জবাবদিহিতা

 নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি মনে করে, যেকোনো দেশে সব রাজনৈতিক দল ও তাদের নেতাদের রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার অবাধ সুযোগ থাকা উচিত।

​মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানান।

​ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং বর্তমান পরিস্থিতিতে তার সমর্থকেরা দেশকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

​উত্তরে ফারহান হক বলেন, এই নির্দিষ্ট বিষয়ে নতুন করে কোনো মন্তব্য না থাকলেও এটা স্পষ্ট যে, জাতিসংঘ তথ্যসন্ধানী মিশন কর্তৃক চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোসহ বাংলাদেশে সংঘটিত সমস্ত অপরাধের সঠিক জবাবদিহিতা দেখতে চায়। এর পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে জাতিসংঘ।

​উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন।

এইচ/এম

সম্পর্কিত খবর