[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

‘ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ সংশোধনে সংগ্রাম পরিষদের ৯ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ১২:৪৯ পিএম

সংগৃহীত ছবি

সরকার প্রণীত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-

রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ সংশোধনের দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। বিদ্যমান যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য সময়সীমা বাড়ানো, লাইসেন্স প্রক্রিয়ায় পরিবর্তন এবং ফি কমানোসহ ৯ দফা প্রস্তাব তুলে ধরেছে সংগঠনটি।

​বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব প্রস্তাবের কথা জানানো হয়। সমাবেশ শেষে সংগঠনের ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর কথা রয়েছে।

​সমাবেশে ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ বলেন, ব্যাটারিচালিত যানবাহন একদিকে কর্মসংস্থান তৈরি করেছে, অন্যদিকে সাধারণ মানুষের সাশ্রয়ী বাহনে পরিণত হয়েছে। দীর্ঘ আন্দোলনের পর ২০২২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকেই গত ২৯ অক্টোবর সরকার ‘ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। এই উদ্যোগকে তারা স্বাগত জানান, তবে এতে কিছু অস্পষ্টতা ও নেতিবাচক দিক রয়েছে বলে উল্লেখ করেন।

​সংগ্রাম পরিষদের প্রস্তাবিত ৯টি দাবি হলো:

​১. কাঠামো রূপান্তরে সময়: বিদ্যমান ই-রিকশাকে বুয়েট স্বীকৃত আদর্শ কাঠামোয় রূপান্তরে কমপক্ষে দুই বছর সময় দিতে হবে এবং এই বিধিমালাকে উচ্ছেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।

২. স্বচ্ছতা নিশ্চিতকরণ: লাইসেন্স ও নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা এনে প্রকৃত চালক ও মালিকদের আওতায় আনতে হবে।

৩. বিআরটিএকে অন্তর্ভুক্তকরণ: চালকদের লাইসেন্স প্রক্রিয়ায় বিআরটিএকে যুক্ত করা এবং লার্নার ও লাইসেন্সের ফরম সংযোজন করা।

৪. ফি হ্রাস: দুই আসনের ই-রিকশার এককালীন ফি ৮ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা এবং চার আসনের ই-রিকশার ক্ষেত্রে এককালীন ১০ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা।

৫. সংখ্যা নির্ধারণে মতামত: ই-রিকশার সংখ্যা নির্ধারণে চালকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করা।

৬. সাইডলেন ও সড়ক নির্ধারণ: মহাসড়কের পাশে ই-রিকশার জন্য সাইডলেন তৈরি করা এবং চলাচলের রাস্তা অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা।

৭. চার্জিং ও বীমা সুবিধা: চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ এবং ব্যয়বহুল বীমা বাধ্যতামূলক না করা এবং গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপন করা।

৮. একচেটিয়া ব্যবসা রোধ: বিআরটিএকে যুক্ত করে স্থানীয় উৎপাদকদের অনুমোদিত নকশায় ই-রিকশা তৈরির সুযোগ দেওয়া, যাতে কোনো সিন্ডিকেট তৈরি না হয়।

৯. প্রয়োগের স্পষ্টতা: সিটি করপোরেশনের বাইরের পৌরসভা ও উপজেলা এলাকায় এই বিধিমালার প্রয়োগ পদ্ধতি স্পষ্ট করা।

​সংগঠনটি আরও জানিয়েছে, এ বিষয়ে তারা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর