জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং
পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশে একটি তুর্কি বিশেষজ্ঞ দল পাঠানোর ইচ্ছা ব্যক্ত করেছেন তুরস্কের ফার্স্ট লেডি ও ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান এমিনে এরদোয়ান।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই তথ্য জানান। কপ-৩১ জলবায়ু সম্মেলনে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে ডা. জুবাইদা রহমান জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার মধ্যে দেশের নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং বর্তমান সরকারের বৃক্ষরোপণ ও খাল খননের মতো পরিবেশবান্ধব উদ্যোগগুলো তুলে ধরেন। এমিনে এরদোয়ান বাংলাদেশের জনগণের সহনশীলতার প্রশংসা করেন এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ ও প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পণ্যের ব্যবহার ও বিশ্ববাজারে সম্প্রসারণে সহায়তার আগ্রহ দেখান।
রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। ২০১৭ সালে নিজের কক্সবাজার সফরের স্মৃতি স্মরণ করে ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে টেকসই প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরও জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু বাস্তুচ্যুতির শিকার নারীদের মাতৃস্বাস্থ্য ও চিকিৎসাসেবা উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা শেয়ার করার অংশ হিসেবে এই তুর্কি বিশেষজ্ঞ দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে। বৈঠকে ডা. জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে দ্রুত আসার আগ্রহ প্রকাশ করেন।
এইচ/এম