[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ৭:০৯ পিএম

সংগৃহীত ছবি

রাতের অন্ধকারে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে

 দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিশীল বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

​মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

​স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে ও সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সঙ্গে সেই অপচেষ্টা ও নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে।

​দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা প্রসঙ্গে তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছেন, যেন উৎপাদন ও রপ্তানি কোনোভাবেই ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সেখানে পূর্ণ স্থিতিশীলতা ফিরে এসেছে।

​আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী উল্লেখ করেন, একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

​ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির রাতের ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, দেশজুড়ে ককটেল ছোঁড়া বা অরাজকতার চেষ্টাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তের ওপার বা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের সমস্ত তথ্যপ্রমাণ সরকারের কাছে রয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত সময়ে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। সরকার দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

এইচ/এম

সম্পর্কিত খবর