[email protected] মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি নিয়োগের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ৬:৫৩ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ এখনো শূন্য রয়েছে।

এসব পদে জনবল নিয়োগে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।

 

এদিকে বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক অনিয়ম এবং প্রযুক্তির অপব্যবহার রোধে নিরাপত্তা জোরদার করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্নপত্র ছাপানোর জন্য চালু করা হয়েছে নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেস। পাশাপাশি প্রশ্ন সংরক্ষণের নিরাপত্তা নিশ্চিত করতে ভল্টরুমে ফেসলক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব তথ্য জানান। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে তিনি সরকারি চাকরিতে শূন্যপদের পরিসংখ্যান তুলে ধরেন।

 

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ প্রতিবেদনে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি থাকার তথ্য উঠে এসেছে।

 

তিনি বলেন, এসব পদে নিয়োগ দ্রুত সম্পন্ন করতে সরকার বিভিন্ন মেয়াদে পরিকল্পনা নিয়েছে। স্বচ্ছতা বজায় রেখে প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের শূন্যপদ এবং নিয়োগ কার্যক্রমের অগ্রগতি জানাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

বিসিএসের প্রশ্নপত্রের নিরাপত্তায় নতুন ব্যবস্থা

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়ম বন্ধে পিএসসির নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, প্রশ্ন প্রণয়ন, মুদ্রণ ও সংরক্ষণের প্রতিটি পর্যায়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

আগে বিসিএসের প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপানো হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রেসে এই কাজ সম্পন্ন হচ্ছে। মুদ্রণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাজ শুরু থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রেসের ভেতরে থাকতে হয়। এ সময় তাঁদের কাছে মোবাইল ফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখার সুযোগ নেই। পুরো প্রক্রিয়া পিএসসি চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

 

প্রশ্নপত্র সংরক্ষণের ভল্টরুমেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। ফেসলক প্রযুক্তি ব্যবহার করে কেবল অনুমোদিত সদস্য ও কর্মকর্তাদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি ভল্টরুমের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

 

প্রশ্ন তৈরির পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে প্রশ্ন প্রণেতারা নিজ নিজ বাসায় প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। এখন তাঁদের পিএসসির নির্ধারিত গোপন কক্ষে উপস্থিত হয়ে প্রশ্ন তৈরি করতে হয়। কাজ শেষে সিলগালা করে সংশ্লিষ্ট সদস্যের কাছে প্রশ্নপত্র জমা দেওয়া হয় এবং একই দিনে তা নিরাপদ ভল্টে রাখা হয়। প্রশ্ন প্রণয়ন ও সংশোধনের কক্ষগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

 

এ ছাড়া লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংসদকে জানান প্রতিমন্ত্রী।

এফ/ডি

সম্পর্কিত খবর