[email protected] সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: সংসদে জরুরি আলোচনার নোটিশ বিরোধীদলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ৭:১০ পিএম

সংগৃহীত ছবি

এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ

 প্রক্রিয়া ছাড়া দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিতে জাতীয় সংসদে একটি জরুরি আলোচনার নোটিশ দিয়েছে বিরোধীদল। সোমবার (০৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের প্রথমদিনে নোটিশটি পেশ করা হয়।

​জাতীয় সংসদ সচিবালয়ে বিরোধীদলের পাঁচজন সদস্যের একটি প্রতিনিধি দল জনগুরুত্বসম্পন্ন এই নোটিশটি জমা দিয়ে কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে সংসদে আলোচনার দাবি জানান।

​নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। কোনো ধরনের গণশুনানি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত না নিয়েই এই মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।

​এতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইনের বিভিন্ন ধারা ও প্রবিধান যথাযথভাবে অনুসরণ না করার কারণে ভোক্তারা দ্বিমুখী আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। একইভাবে অন্যান্য জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণে জনস্বার্থ উপেক্ষা করা হলে তা সামগ্রিক অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়।

​নোটিশে বিদ্যমান অনিয়ম ও মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে আইনানুগভাবে গণশুনানির আয়োজন, স্বচ্ছ প্রবিধান প্রণয়ন এবং জ্বালানি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি দেশের সার্বিক জনস্বার্থ বিবেচনা করে জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেওয়া এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার জোর দাবি জানানো হয়।

এইচ/এম

সম্পর্কিত খবর