রাজধানী ঢাকায় আজ সোমবার দুপুরে ভ্যাপসা গরমের পর নামে স্বস্তির বৃষ্টি। বেলা গড়ার সঙ্গে
সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বাতাস বইতে শুরু করে, যা পরবর্তীতে রূপ নেয় ঝুম বৃষ্টিতে। দুপুরের তীব্র গরম ও ঘাম ঝরানো আবহাওয়া ছাপিয়ে এই বৃষ্টি নগরবাসীর মনে এনে দিয়েছে প্রশান্তি। তবে বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রপাতও লক্ষ্য করা গেছে।
আজ দুপুরের দিকে ঢাকার উত্তরা, এয়ারপোর্ট, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। রাজধানী ছাড়াও গাজীপুর, নরসিংসী, কিশোরগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগ ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃষ্টির প্রভাবে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এইচ/এম