[email protected] সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা, নাকি এটি রাজনৈতিক কৌশল?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ৩:২৮ পিএম

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাসংক্রান্ত জটিলতার মধ্যে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

 

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে ডিসেম্বরেই দেশে ফেরার বিষয়ে তার বক্তব্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দলটির কিছু নেতা-কর্মীর ঝটিকা মিছিলের খবর পাওয়া যাচ্ছে।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে উল্লেখ করেছেন। তার বক্তব্য, শেখ হাসিনার আর দেশে ফেরার সম্ভাবনা নেই।

 

অন্যদিকে আওয়ামী লীগের কয়েকজন নেতার দাবি, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দেশে ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন দলটির সভাপতি। বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, ডিসেম্বরকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার দাবি, শেখ হাসিনা ঘোষিত পরিকল্পনা অনুযায়ী দেশে ফিরবেন।

 

দলটির এক নেতার মতে, শেখ হাসিনার বয়স ৭৮ বছর হওয়ায় রাজনৈতিকভাবে সক্রিয় থাকার সময় সীমিত। এ কারণে দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে তিনি ঝুঁকি নিতেও আগ্রহী।

 

এদিকে রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে জানা গেছে, শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। প্রয়োজনীয় নথি দ্রুত সরবরাহের অনুরোধও জানানো হয়েছে। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে তার সহযোগীরা জানিয়েছেন।

 

তবে দেশে ফিরলে তাকে আইনি জটিলতার মুখোমুখি হতে হবে। ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তিনি অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

 

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার ভাষ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নতুন পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় বলেও জানান তিনি।

 

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদন করার বিষয়টি তিনি শুনেছেন, তবে এর সত্যতা এখনো নিশ্চিত হতে পারেননি। আবেদনটি আইনসম্মত কি না, তা পাসপোর্ট, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন পর্যালোচনা করে দেখা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তী বক্তব্য দেবে।

 

ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত পাঠানোর জন্য ইতোমধ্যে ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

 

সব মিলিয়ে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে নতুন মাত্রা দিয়েছে। তবে ভারতের অবস্থান, প্রত্যর্পণ প্রক্রিয়া, আইনি বাধা এবং দেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় ডিসেম্বরের ঘোষণাটি বাস্তবে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এফ/ডি

সম্পর্কিত খবর