দুর্নীতির কারণে দেশের সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা
ফখরুল ইসলাম আলমগীর। এই সংকট উত্তরণে আইন সংস্কারের পাশাপাশি সমবায় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানান তিনি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘সমবায় শুধু পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কার্যক্রম নয়। এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় ঠাকুরগাঁওয়ের মতো একটি ছোট মহকুমা শহরেও সমবায় কার্যক্রমের বেশ প্রাণবন্ত উপস্থিতি ছিল। সেখানে সমবায় ভবন, কোল্ড স্টোরেজ ও সমবায়ীদের মার্কেট ছিল এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরাও এর সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে এবং মানুষের সেই আগ্রহ ও কর্মচাঞ্চল্য এখন আর দেখা যাচ্ছে না।
বিশ্ব পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, ‘এসব সংকট মোকাবিলা এবং অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’
সমবায় খাতের উন্নয়নে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তিনি সমবায় খাতকে পুনরায় সচল ও কার্যকর করার আহ্বান জানান।
এইচ/এম