হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ
রবিবার উদযাপিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের পূজার এই আয়োজন করা হয়। অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকার দূর করে শুভ এবং মঙ্গল প্রতিষ্ঠার লক্ষ্যে শত শত বছর ধরে বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দু সম্প্রদায় এই উৎসব পালন করে আসছেন। বাংলাদেশে এই উৎসব 'দীপাবলি' বা 'দীপান্বিতা কালীপূজা' নামে পরিচিত হলেও অবাঙালি হিন্দুদের কাছে এটি 'দিওয়ালি' নামে সমাদৃত।
পঞ্জিকা অনুযায়ী, আজ রবিবার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে তা সোমবার সকাল ১১টা ৫৮ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। মধ্যরাতে দেবীর পূজার পাশাপাশি অনেকে একই তিথিতে লক্ষ্মীপূজাও সম্পন্ন করবেন।
দীপাবলি উপলক্ষে সন্ধ্যায় বাড়িঘর ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে প্রয়াত পিতা-মাতা ও স্বজনদের স্মরণ করার রীতি রয়েছে। উৎসব ঘিরে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দির, পোস্তগোলা মহাশ্মশান এবং পুরান ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এইচ/এম