ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন করে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যুর বিষয়টি প্রযোজ্য নয়।
বরং ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে দিল্লি থেকে দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এদিকে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে ঘিরে প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ উদ্যোগকে কেন্দ্র করে কোনো ধরনের ভূরাজনৈতিক উদ্বেগ দেখছে না বাংলাদেশ।
করিডোরটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে অংশ নেওয়ার বিষয়ে ঢাকার আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
তবে এ উদ্যোগ এগিয়ে নেওয়ার আগে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এ/এইচ/টি