দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে মোংলাকে কেন্দ্র করে নতুন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা/ইনভেস্ট বাংলাদেশ) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠান উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোংলাকে ঘিরে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, দুই দেশের যৌথ উদ্যোগে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দেশের অর্থনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় করার উদ্যোগে চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি দিনটিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানিয়েছেন।
এ/এইচ/টি