[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তরায় সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ১১:১৮ এএম

সংগৃহীত ছবি

বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় সতর্ক

 অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে উত্তরখান-দক্ষিণখান আঞ্চলিক সড়ক হয়ে জসিমউদ্দীন এলাকায় পোশাকশ্রমিকদের অবস্থান নেওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত কাউকে সড়কে নামতে দেখা যায়নি।

​বুধবার (৪ নভেম্বর) সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এই চিত্র দেখা গেছে।

​সরেজমিনে দেখা যায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উত্তরার রাজলক্ষ্মী থেকে বিমানবন্দর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। সেখানে জলকামান ও প্রিজনভ্যানও রাখা হয়েছে। এছাড়া সকালের দিকে যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে আসে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকল মার্কেট বন্ধ থাকায় লোকসমাগমও তুলনামূলক কম রয়েছে।

​নাম প্রকাশ না করার শর্তে সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের কাউকে সড়কে নামতে দেখা যায়নি।

​তিনি আরও জানান, দুই থেকে আড়াই হাজার মানুষ জড়ো হতে পারেন—এমন একটি বার্তা ছড়িয়ে পড়লেও তাদের কাছে এ ধরনের কোনো সঠিক তথ্য নেই এবং বার্তাটি সঠিক নয়।

এইচ/এম

সম্পর্কিত খবর