মালয়েশিয়ায় চাকরি করতে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কর্মীদের তালিকাটি নিয়মিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা, নির্ধারিত শর্ত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনায় তালিকায় নতুন মেডিকেল সেন্টার যুক্ত হতে পারে। আবার কোনো প্রতিষ্ঠানকে বাদও দেওয়া হতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা মেডিকেল পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে না। তাই নির্ধারিত সময়ের আগে পরীক্ষা করিয়ে অর্থ ব্যয় না করার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।
এ ছাড়া সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে না। অনুমোদন না থাকা সত্ত্বেও কিছু দালাল ও অসাধু এজেন্সি মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে পাসপোর্ট ও টাকা সংগ্রহের চেষ্টা করছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এ ধরনের প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই না করে কাউকে পাসপোর্ট বা অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিডিআর ভিসাসংক্রান্ত নথিও জমা দিতে হবে।
সরকারি নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করা, এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত করা এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ থাকতে পারে।
অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ-সংক্রান্ত অনিয়মের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রয়োজনীয় প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। অভিযোগ পাঠানো যাবে [email protected] ঠিকানায়।
কর্মীদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এসআর