ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর
রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মসিউর রহমান বিতর্কিত মন্তব্য করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’কে হাদিসের সঙ্গে তুলনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই স্লোগানটিকে হাদিস বললে অনেকে ভাবতে পারেন যে, তিনি পরবর্তী পদায়নের আশায় প্রধানমন্ত্রীর প্রশংসা বা অনুকম্পা পাওয়ার চেষ্টা করছেন। তবে তাঁর দৃষ্টিতে স্লোগানটি একটি শাশ্বত বাণী।
বক্তব্যে তিনি আরও বলেন, “আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।”
নিজের বক্তব্যকে স্পষ্ট করতে তিনি আরও যোগ করেন, “এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।”
রাজনৈতিক একটি স্লোগানকে ধর্মীয় উপাদান হাদিসের সঙ্গে তুলনা করে দেওয়া তাঁর এই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার বিষয়ে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, সেখানে তাঁর উক্ত বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিক্রিয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো উল্লেখ করা হয়নি।
এইচ/এম