রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা
ইউরেনিয়ামের তৃতীয় চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় বিশেষায়িত তিনটি লরি প্রকল্প এলাকায় এসে পৌঁছায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি চালানে ৪৮টিসহ মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হবে। এ নিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য তিনটি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত একটিসহ মোট চারটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।
এদিকে, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে 'পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি' কার্যক্রমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এই ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
এইচ/এম