[email protected] শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩

যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ফিরতে বিলম্ব

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ৬:১৮ পিএম

সংগৃহীত ছবি

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার পথে বিঘ্ন ঘটেছে।

টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি। এতে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের অপেক্ষা করতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির যাত্রা শুরুর কথা ছিল। বোর্ডিং শেষে উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে এগোচ্ছিল।

এ সময় ককপিটে স্পয়লারের ত্রুটির সংকেত দেখা যায়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়ন স্থগিত করেন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিজি-৩৭৭ ফ্লাইটটিতে ত্রুটি ধরা পড়ার পরপরই প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন। ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল সমস্যাটি সমাধানে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকৌশলীদের প্রাথমিক ধারণা, ত্রুটি মেরামত করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে উড়োজাহাজটি সচল হবে কি না, তা কারিগরি পরীক্ষা ও মেরামতের অগ্রগতির ওপর নির্ভর করছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে নিরাপদ উড্ডয়নের ছাড়পত্র পাওয়া গেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় গতি কমাতে এবং উড্ডয়নের বিভিন্ন পর্যায়ে উড়োজাহাজের নিয়ন্ত্রণে সহায়তা করে।

এ ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও মেরামত করা জরুরি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ত্রুটি সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর