[email protected] বৃহঃস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩

নিখোঁজের পর তুরাগ নদে তাহসিফের মরদেহ, যা বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ১২:৩৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

 

তিনি জানান, মরদেহ উদ্ধারের পর তাহসিফের এক আত্মীয়কে খবর দেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

 

পুলিশের সুরতহাল প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।

 

নিহত কেএম তাহসিফ সাউরির বাবার নাম কেএম এনায়েতুর। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা ছিলেন।

 

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর