[email protected] সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

সৌদি মিশনে জনবল সংকট দূর ও শেখ হাসিনাকে ফেরানোর জোর তাগিদ দিল সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ১২:৩৩ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এমপি। সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

​শেখ হাসিনা ও ওসমান হাদি মামলার আসামিদের প্রত্যাবাসন: বৈঠকে অন্যতম প্রধান ও সংবেদনশীল বিষয় হিসেবে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার এবং আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে প্রত্যাবাসনের বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়। এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ ও সর্বশেষ পরিস্থিতি কমিটিকে অবহিত করা হয়।

​সৌদি মিশনে তীব্র জনবল সংকট ও প্রবাসীদের কল্যাণ: সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে (রিয়াদ দূতাবাস, জেদ্দা কনস্যুলেট জেনারেল এবং ওআইসি-র স্থায়ী মিশন) চরম জনবল সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিয়াদ দূতাবাসে ১৪ জন এবং জেদ্দা কনস্যুলেটে মাত্র ১১ জন কর্মকর্তা কাজ করার বিষয়টি তুলে ধরে বলা হয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৭৬ সালে শুরু হওয়া বৈদেশিক কর্মসংস্থানের বিশাল পরিধি ও প্রবাসীদের সেবা নিশ্চিত করতে এই সীমিত জনবল অপর্যাপ্ত। তাই মিশনগুলোতে লোকবল বাড়ানোর সিদ্ধান্ত হয়।

​অপপ্রচার মোকাবিলায় নতুন কূটনৈতিক কৌশল: আন্তর্জাতিক পরিমণ্ডলে বিগত সরকারের বিভিন্ন বিভ্রান্তিমূলক অপপ্রচার ও অপকৌশল মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আধুনিক ও কার্যকর কূটনৈতিক কৌশল গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:

​অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে সরকারের অন্যান্য দপ্তরের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

​গত ১৫ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়।

​ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক গ্রুপের সদস্য পদে কমিটির সভাপতির প্রার্থিতার সমর্থনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচনী প্রচারণামূলক সহযোগিতার বিষয়টি নিশ্চিত করা হয়।

এসআর

সম্পর্কিত খবর