বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে এবং উত্তর-পশ্চিম দিকে
অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়েছে। বর্তমানে এটি পূর্বমধ্য ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অবস্থান ও দূরত্ব:
সোমবার সকাল ৬টার হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বিভিন্ন সমুদ্রবন্দর থেকে যে দূরত্বে অবস্থান করছিল:
চট্টগ্রাম সমুদ্রবন্দর: ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে
কক্সবাজার সমুদ্রবন্দর: ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে
মোংলা সমুদ্রবন্দর: ৭৮৫ কিলোমিটার দক্ষিণে
পায়রা সমুদ্রবন্দর: ৭৪৫ কিলোমিটার দক্ষিণে
গতিপথ ও তীব্রতা:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আজ ২৬ অক্টোবর মধ্যরাতের মধ্যে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে। পরবর্তীতে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।
সতর্কতা সংকেত:
বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় দেশের সব সমুদ্রবন্দরে সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
এসআর