সৌদি আরবের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে ফ্লাইটের নতুন সময়সূচি সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
তবে সৌদি আরবে যাতায়াতের প্রয়োজন রয়েছে এমন যাত্রীরা বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।
যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ সেবা আগামী ৪ নভেম্বর পর্যন্ত চালু রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, ঢাকা থেকে মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে।
টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর