কৃষকদের জন্য চালু হতে যাওয়া কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনেই আবহাওয়ার পূর্বাভাস জানার সুবিধা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।
এ লক্ষ্য সামনে রেখে কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’ বা কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে চলছে।
তালিকা প্রস্তুত শেষ হলে ধাপে ধাপে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
যেসব কৃষক বছরে দুই বা তিনটি ফসল উৎপাদন করেন, তাঁদের অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরকারি সহায়তায় দেওয়ার চেষ্টা করা হবে।
এর মাধ্যমে কৃষকদের আর্থিক চাপ কমানো এবং কৃষি উৎপাদনে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
এসআর