[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যেসব স্টেশনে থামবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ৮:২৪ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথে যাতায়াতের সুযোগ বাড়াতে নতুন করে এই রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস।

আগামী ২৬ অক্টোবর থেকে ট্রেনটির বর্ধিত যাত্রা শুরু করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

 

নতুন এই সেবা চালু হলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ কয়েকটি জেলার যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

 

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, মহানগর এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীনভাবে চলবে না। যাত্রাপথে নির্ধারিত কয়েকটি স্টেশনে থামবে ট্রেনটি।

 

রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা ছাড়বে। পরদিন সকাল ৬টায় ট্রেনটির কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে

 

অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে যাত্রা শুরু করবে। দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছানোর পর বিরতি নিয়ে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।

 

যেসব স্টেশনে থামবে মহানগর এক্সপ্রেস

নতুন সূচি অনুযায়ী, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট এবং ফেনী স্টেশনে যাত্রাবিরতি করবে। তবে নতুন ব্যবস্থায় কুমিরা স্টেশনে ট্রেনটির বিরতি থাকছে না।

 

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ট্রেনটিতে বিভিন্ন শ্রেণির আসন রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে শোভন চেয়ার, স্নিগ্ধা বা এসি চেয়ার, এসি সিট এবং এসি বার্থ। ফলে যাত্রীরা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী আসন নির্বাচন করতে পারবেন।

 

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে রয়েছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।

 

মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে পর্যটক এবং সাধারণ যাত্রীদের কক্সবাজার যাতায়াতের বিকল্প বাড়বে বলে আশা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর