[email protected] বৃহঃস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩

পদ্মা-তিস্তায় ব্যারাজ নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ৭:৩২ পিএম

সংগৃহীত ছবি

পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

 

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় রাজশাহীসহ সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে পানিসংকট তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানির সংকট কমানোর পাশাপাশি পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের।

 

নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়ে তারেক রহমান বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে বাংলাদেশের মানুষের ন্যায্য পানির অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের কাজ শুরু করে তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

 

কৃষকদের সহায়তার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় চার হাজার আখচাষির জন্য সরকারি প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে আগামী মৌসুমে আখচাষিদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএনপির বিশ্বাস, কৃষকের উন্নতি নিশ্চিত করা গেলে দেশের কৃষি খাতও শক্তিশালী হবে।

 

তারেক রহমান বলেন, কৃষকদের পাশে দাঁড়ানো বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকার গঠনের সাত দিনের মধ্যে দেশের প্রায় ১৩ লাখ কৃষকের এ পরিমাণ ঋণ মওকুফ করা হয়েছে।

 

প্রধানমন্ত্রী আরও জানান, দেশজুড়ে খাল খনন ও নদী সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরই মধ্যে গত আট মাসে প্রায় ৮০০ কিলোমিটার খাল খননের কাজ শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এসআর

সম্পর্কিত খবর