শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও স্থানীয় জনসভায় অংশ নিতে
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর একটি বিমানে তিনি রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন।
শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দেন। বিমানবন্দর থেকে তিনি সড়ক পথে নগরীর গণকপাড়াস্থ রাজশাহী ধর্মসভা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে তিনি শুভেচ্ছা জানান।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকা তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে যাত্রা শুরু করে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে রংপুরের ধর্মসভা ও রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যান এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরবর্তীতে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে বিমানে রাজশাহী আসেন।
রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে বিকেলে ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। দুপুর থেকেই মাদরাসা মাঠের সমাবেশস্থলে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে সমগ্র রাজশাহী নগরীতে সাজসাজ রব ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনের জন্য রাজশাহীতে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম রাজশাহী সফর। তার আগমনকে কেন্দ্র করে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে প্রবল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”
এসআর