শারদীয় দুর্গাপূজার আজ চতুর্থ দিন বা মহানবমী। এই বিশেষ দিনটির মধ্য দিয়েই দেবীর বিদায় লগ্ন
ও ঘণ্টা বাজতে শুরু করেছে। কাল বিজয়া দশমীতে কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা।
নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে ‘মহাআরতি’। মূলত ‘সন্ধিপূজা’ সমাপনের মাধ্যমেই মহানবমী তিথির সূচনা ঘটে। ধর্মীয় রীতি অনুযায়ী, আজ পূজা মণ্ডপগুলোতে বলিদান ও নবমী হোম অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১০৮টি নীলপদ্মের ছোঁয়ায় পূজিত হবেন দেবী। দিনটিতে অঞ্জলি নিবেদন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন থাকলেও উৎসবের মণ্ডপগুলোতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিদায়ের সুর।
হিন্দু পৌরাণিক শাস্ত্রানুসারে, দেবী দুর্গা রুদ্ররূপ (মা কালী) ধারণ করে মহিষাসুর এবং তার অনুসারী তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড ও রক্তবিজকে সংহার করেছিলেন। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমীর শুরুর ২৪ মিনিট—এই মোট ৪৮ মিনিটের সংযোগস্থলে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা, যেখানে মূলত দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। এ সময় দেবীর চরণে ১০৮টি পদ্মফুল নিবেদনের পাশাপাশি জ্বালানো হয় ১০৮টি মাটির প্রদীপ, যা পূজার বিশেষ মন্ত্রেও উল্লেখিত রয়েছে।
গত শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সূচনা হওয়া এই শারদীয় উৎসবের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে বুধবার (২১ অক্টোবর), বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে।
এসআর